খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল

যোগফল প্রতিবেদক:

বিদ্যালয় আছে, ভবন আছে, কাগজে-কলমে ১১০ জন শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের তালিকাও রয়েছে। তবে সরেজমিনে গিয়ে পাওয়া গেল ভিন্ন চিত্র। বিদ্যালয়ের কোনো শ্রেণিকক্ষেই নেই শিক্ষার্থী। বরং শিক্ষার্থীদের বসার বেঞ্চে ঘুরে বেড়াচ্ছে ছাগল, ছড়িয়ে আছে মলমূত্র। জরাজীর্ণ হোয়াইট বোর্ডে জমেছে ধুলোবালি, রয়েছে মাকড়সার জাল।

এমন চিত্র দেখা গেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা গ্রামের পশ্চিম বাদুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থীও ছিল না। পরে দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বাচ্চু ও কয়েকজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হন। তবে সাংবাদিকদের উপস্থিতিতে তারা শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে প্রকৃতপক্ষে শিক্ষার্থী না থাকলেও কাগজে-কলমে ১১০ জন শিক্ষার্থী দেখিয়ে সরকারি বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বিদ্যালয় পরিচালনা করে প্রতি মাসে সরকারের প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অডিট বা তদন্ত দল বিদ্যালয়ে এলে ঝালকাঠি শহর থেকে অটোরিকশা ভাড়া করে বাইরের শিশুদের এনে সাময়িকভাবে শিক্ষার্থী হিসেবে দেখানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাচ্চু বিষয়টি স্বীকার করে বলেন, ‘স্থানীয় দু-চারজন ছাড়া কেউ আসে না, তাই ঝালকাঠি শহর থেকে গাড়ি ভাড়া করে শিক্ষার্থী আনি।’

বিদ্যালয়টিকে ঘিরে পরিবারতন্ত্র ও অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুবকর সিদ্দিকের পরিবারের পাঁচজন সদস্য স্কুলটির বিভিন্ন পদে রয়েছেন। প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাচ্চু তার ভাইয়ের ছেলে মিজানুর রহমান পারভেজকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের সাবেক দুই সভাপতি হাসনাইন তালুকদার দিবস ও জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকা এবং তাদের স্বাক্ষর জাল করে সরকারি অনুদানের টাকা উত্তোলনের ঘটনায় তারা প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

বর্তমান সভাপতি মিজানুর রহমান পারভেজের কাছে বিদ্যালয়ের বেহাল দশা ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এদিকে, সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষকের মাধ্যমে উৎকোচ দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে প্রধান শিক্ষককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিদ্যালয়টিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, ব্যাখ্যার জবাব সন্তোষজনক না হলে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম